
নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা-বাগান কর্মচারীর বসতঘর থেকে একটি বিষধর পদ্ম গোখরা (Monocled Cobra) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা-বাগানের কম্পিউটার অপারেটর উত্তম আচার্যের ঘরে হঠাৎ সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি শনাক্ত করে নিশ্চিত হন যে এটি অত্যন্ত বিষধর ‘পদ্ম গোখরা’। পরবর্তীতে সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, “উদ্ধার করা পদ্ম গোখরাটি অত্যন্ত বিষাক্ত। সময়মতো পরিবারের সদস্যদের চোখে পড়ায় বড় ধরনের কোনো বিপদের হাত থেকে সবাই রক্ষা পেয়েছেন।”