শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে অভিযান চালিয়ে ভারতীয় শুল্কফাঁকি দেওয়া বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা-বাগানের ৯ নম্বর সেকশন থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মিলন তাঁতী (২৮) ও কাজল রাজগড় (২১)।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশ দল উদনাছড়া চা-বাগানে এই অভিযান পরিচালনা করে। আটক দুই যুবকের হেফাজত থেকে বিভিন্ন নামীদামি ভারতীয় ব্র্যান্ডের অবৈধ প্রসাধনী জব্দ করা হয়।
জব্দ করা প্রসাধনীর মধ্যে রয়েছে—
- DOT KEY Vitamin C+E Face Wash: ১৪০ পিস
- MARS BB Cream: ১০০ পিস
- Garnier Bright Complete Face Wash: ১০০ পিস
- DOT KEY Sunscreen: ৫২ পিস
- MARS Kajal: ৫০ পিস
- 1% Salicylic Acid Moisturizer: ৩০ পিস
উদ্ধারকৃত এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে এনেছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মৌলভীবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।