শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনিতে সুশেন মুন্ডা নামের এক চা শ্রমিকের ঘরের ভিতর সাপ দেখতে পায় পরিবারের সদস্যরা।
সাপ দেখে আতঙ্কিত হয়ে সুশেন মুন্ডা বিষয়টি গণমাধ্যমকর্মী রাজেশ ভৌমিককে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন।
এ সময় একটি বস্তার নিচে শব্দ শুনে বস্তাটি সরাতেই বেরিয়ে আসে বিষধর পদ্ম গোখরা সাপ।
পরে সাপটিকে সতর্কতার সাথে উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারের পর বিষধর পদ্ম গোখরা সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।