নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ হাসান মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার জয়পাশা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার জয়পাশায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা সটকে পড়লেও ঘটনাস্থল থেকে হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
গ্রেপ্তারকৃত হাসান মিয়া বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। সে বর্তমানে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম (মুন্না) জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৌলভীবাজার জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।