নিজস্ব প্রতিবেদক : সিলেট রেঞ্জের নবাগত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে এসে পুলিশ সদস্যদের প্রতি এ আহ্বান জানান তিনি। দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি জেলা পুলিশের কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা বৈঠক এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সকাল ১১টায় ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এরপর বেলা সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিনি। সেখানে বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যরা নিজ নিজ কল্যাণ-সংশ্লিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি ধৈর্য সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো বিধি মোতাবেক সমাধানের আশ্বাস দেন।
কল্যাণ সভা শেষে ডিআইজি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি নিম গাছ এবং পুলিশ সুপার কার্যালয়ে একটি আম গাছের চারা রোপণ করেন।
পরবর্তীকালে বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানা ও ইউনিট ইনচার্জদের নিয়ে অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বৈঠকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, আসন্ন দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিআইজি।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।