বিশেষ সংবাদদাতা,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল ও নেটের বাঁধ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের বিভিন্ন জলমহালে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জলমহাল থেকে ১০০টি রিং জাল জব্দ করা হয়। জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় এক হাজার মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
এ ছাড়া প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ২০টি মশারি জাল উদ্ধার করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।
জব্দ করা জালগুলো পরবর্তীতে বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জলমহালে অবৈধভাবে নির্মাণ করা নেটের বাঁধগুলোও উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে শ্রীমঙ্গল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পিআইও প্লাবন পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, হাইল হাওরের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।