নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়েছে বিশাল আকৃতির অজগর। ১৬ ফুট লম্বা এবং ২৬ কেজি ওজনের সাপটিকে উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মৎস্যজীবিরা হাইল হাওরে পাতানো মাছ ধরার জালে জড়িয়ে থাকা বিশালদেহী অজগর সাপ দেখতে পান।
পরে বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সবদরকে জানায় মৎস্যজীবিরা। সবদর মেম্বারের মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে জালে জড়িয়ে থাকা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
সাপটি উদ্ধারে সাবেক ইউপি সদস্য তাহের আলী সবদর ও নৌকার মাঝি হায়েদ মিয়া সহযোগিতা করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, জালে পেঁচিয়ে থাকায় সাপটি নিশ্চিত মৃত্যুঝুঁকিতে ছিল। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
সাপটি ১৬ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২৬ কেজি।
উদ্ধারের পর সাপটিকে স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।