শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

 মুসলিম চৌধুরী: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি জনবহুল এলাকা থেকে ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর লামুয়া এলাকার কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় বিশাল আকৃতির এই অজগরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে সাপটি একনজর দেখতে আশপাশের বহু মানুষ ভিড় জমান।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় বনবিভাগের চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকারও সেখানে উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট এবং এর ওজন প্রায় ২৩ কেজি।

উদ্ধারের পর সাপটিকে নিরাপদে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *