৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে অক্ষত অবস্থায় দাঁড়াশ সাপ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে প্রায় ৯ ফুট গভীর একটি পরিত্যক্ত কুয়া থেকে অক্ষত অবস্থায় একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় তিন দিন ধরে সাপটি ওই কুয়ার মধ্যে আটকে ছিল।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার দক্ষিণ রামপুর চা-বাগানের রাধানগর এলাকায় সজল সাওতালের বাড়ির একটি পরিত্যক্ত কুয়ায় সাপটি আটকে থাকার বিষয়টি নজরে আসে। পরে স্থানীয় বাসিন্দা জীবন চাষা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নম্বর সংগ্রহ করে বিষয়টি তাদের জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, প্রায় ৯ ফুট গভীর কুয়ার ভেতরে একটি দাঁড়াশ সাপ আটকে রয়েছে।

পরে কুয়ার ভেতরে একটি মই নামিয়ে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *