নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। সকালে মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরএনডিএম সিস্টার সংগীতা গমেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কাজলী গোস্বামী ও সাদিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,
বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখে না। এ ধরনের আয়োজন তাদের চিন্তা, অনুসন্ধান, সমস্যা সমাধান এবং নতুন কিছু উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞান মেলার আয়োজন করায় তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, শ্রীমঙ্গল নটর ডেম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আরএনডিএম সিস্টার সুপ্রীতি কস্তা, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা ও আইভি জেনিফার রায়।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধান অতিথি ও অন্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প সম্পর্কে অতিথিদের ধারণা দেন এবং নিজেদের উদ্ভাবনী চিন্তা তুলে ধরেন।
মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের মূল্যায়নের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন এবং হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিন্টু পাল।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ তৈরির পাশাপাশি তাঁদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রকাশ ঘটে।9