নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. শরিফ মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ থানার দেবপাড়া ইউনিয়নের অন্তর্গত পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শরিফ মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নয়ানী এলাকার মো. আরজু মিয়ার ছেলে।

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নবীগঞ্জ থানার দেবপাড়া ইউনিয়ন এলাকা থেকে সিএনজিযোগে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে সিলেটের দিকে যাচ্ছেন। খবর পেয়ে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

একপর্যায়ে একটি সবুজ রঙের সিএনজিকে সংকেত দিয়ে থামালে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরবর্তীতে সিএনজির ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *