
সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ ডাকাত হাবিবুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। অস্ত্র, চুরি ও ডাকাতিসহ ১২টি মামলার আসামি তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বট বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বট এর তল গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং-১৭, তারিখ- ১৭/১২/২০১৪ খ্রি., জিআর- ২৫৪/১৪) ১০ বছরের সাজা এবং ওয়ারেন্ট জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হাবিবুরের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।