শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী
নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
দেশের জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি প্রসঙ্গে তিনি বলেন, একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। আধুনিকায়নের আওতায় স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও মাঠ
তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়াতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। এ কারণে খেলাধুলার সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
দখলমুক্ত হবে খেলার মাঠ
শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
লক্ষ্য আন্তর্জাতিক পদক
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সরকার। এ লক্ষ্যে বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে গাছের চারা রোপণ করেন।