চা-বাগানের ১৫৮০ নারী ও কিশোরীর কাছে পৌঁছাল মাসিক স্বাস্থ্যসেবা

শ্রীমঙ্গল প্রতিনিধি  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং এ সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূরীকরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ‘গিভ বাংলাদেশ ফাউন্ডেশন’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে সংগঠনটির ‘উঠোন (পড়িয়ে দুই পা) ২.০’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কমিউনিটি প্রশিক্ষকদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। পুষ্পা ফান্ড ও শেয়ারট্রিপের পৃষ্ঠপোষকতায় এবং আলোর দিশারী সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ প্রজেক্টে মোট ১০টি উঠোন বৈঠকের মাধ্যমে ১ হাজার ৫৮০ জন নারী ও কিশোরীর কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, কার্যক্রম শুরুর আগে পরিচালিত এক বেসলাইন জরিপে দেখা যায়—অংশগ্রহণকারী নারী চা-শ্রমিকদের প্রায় ৯৩ শতাংশই মাসিকের সময় অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতেন। সঠিক সচেতনতার অভাবে নানাবিধ স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি দৈনিক কর্মদিবস নষ্ট হয়ে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।

প্রজেক্টের আওতায় ১ হাজার ৫৮০ জন নারী চা-শ্রমিক, ১৭ জন পুরুষ কমিউনিটি সদস্য এবং কালিঘাট চা-বাগান উচ্চবিদ্যালয়ের ৫৮ জন ছাত্রীকে মাসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতার আওতায় আনা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় কমিউনিটি প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভীন।

অনুষ্ঠানে বক্তারা চা-বাগান এলাকায় মাসিক স্বাস্থ্যবিষয়ক এ সচেতনতামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং স্যানিটেশন (WASH) সুবিধা নিশ্চিতকরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *