নিরাপত্তা, শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান
নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাহমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর মোহাম্মদ সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়। পাশাপাশি প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।