শ্রীমঙ্গলে অনন্য দৃষ্টান্ত: বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি ফুটালেন মাংস বিক্রেতা মতিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :  সহযোগিতা করতে যে কেবল অঢেল বিত্ত-বৈভবের প্রয়োজন নেই, দরকার একটি বড় মনের—সেটিই আবার প্রমাণ করলেন শ্রীমঙ্গলের মাংস বিক্রেতা মতিউর রহমান মতিন। এক বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

শ্রীমঙ্গলের বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরকে স্বাবলম্বী করে তুলতে একটি নতুন ভ্যানগাড়ি, ব্যবসার যাবতীয় মালামাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন এই মাংস ব্যবসায়ী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর মালিক মতিউর রহমান মতিন নিজে আব্দুল কাদিরের হাতে ভ্যানগাড়ি, ব্যবসার প্রয়োজনীয় সরঞ্জামাদি ও নগদ টাকা তুলে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মতিউর রহমান মতিন কেবল এই এক দিনেই ক্ষান্ত হননি; নিজের ব্যবসার শুরু থেকেই তিনি প্রতি শুক্রবার এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিয়মিত নগদ অর্থ ও মাংস বিতরণ করে আসছেন।

ব্যবসায়ী মতিনের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীমঙ্গলের স্থানীয় বাসিন্দারা। অনেকে মন্তব্য করে বলেন, সমাজ বা মানুষের কল্যাণে কাজ করতে কোটিপতি হওয়ার প্রয়োজন পড়ে না। ইচ্ছা ও বড় মন-মানসিকতা থাকলে ক্ষুদ্র ব্যবস্থার মাধ্যমেও সমাজের অবহেলিত মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। মাংস ব্যবসায়ী মতিন সমাজের সামনে সেই অনুপ্রেরণাদায়ক উদাহরণ তুলে ধরেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মতিউর রহমান মতিন বলেন, “সবাই যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে একটু একটু করে দাঁড়ায়, তবে সমাজে কোনো মানুষ কষ্ট পাবে না এবং দেশেরও কল্যাণ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *