শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে একটি বিপন্ন প্রজাতির সোনালি হনুমানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমরইলছড়া চা-বাগান এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত অবস্থায় একটি হনুমানকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হনুমানটিকে উদ্ধার করেন। পরে সেটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
পরে মৃত সোনালি হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের মতে, চা-বাগান ও বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারগুলো বন্যপ্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বন্যপ্রাণী চলাচলের গুরুত্বপূর্ণ এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন পরিবেশ ও বন্যপ্রাণী সংশ্লিষ্টরা।