দোকানে ঢুকে পড়া গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়া একটি উদ্ধারকৃত গন্ধগোকুলকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের রিপা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপা মার্কেটের ব্যবসায়ী সুবল দাশ তাঁর দোকান খোলার সময় হঠাৎ প্রাণীটি দেখতে পান। দোকান খোলার সাথে সাথেই গন্ধগোকুলটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাটি দেখে তিনি আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অক্ষত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, “সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশল অবলম্বন করে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। লোকালয়ে খাবারের সন্ধানে বা আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে মাঝে মাঝেই এরা চলে আসে। সচেতনতার পরিচয় দিয়ে ব্যবসায়ী ভাই আমাদের খবর দেওয়াতেই প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, “গন্ধগোকুল প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যপ্রাণী আমাদের সম্পদ, এদের পিটিয়ে মারা বা ক্ষতি করা একদম উচিত নয়। কোথাও কোনো পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় দেখতে পেলে আতঙ্কিত না হয়ে সাথে সাথে নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

উদ্ধার কাজ শেষে গন্ধগোকুলটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, পর্যবেক্ষণ শেষে প্রাণীটিকে উপযুক্ত প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *